হাজার বছরের ঐতিহ্য আর সংস্কৃতির রঙে সাজানো বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। এই দিনটি শুধু ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি প্রাণের উৎসব, নতুন শুরুর বার্তা।
এই আবহকে ঘিরেই তৈরি হয়েছে নতুন একটি বৈশাখী গান। গীতিকার ও সুরকার মিজানুর রহমানের লেখা ও সুরে, আর শিল্পী সালমান রাজের কণ্ঠে এসেছে অসাধারণ এক মৌলিক গান—“বৈশাখ এলো রে এলো”।
গানটি নিয়ে মিজানুর রহমান জানান, এতে তুলে ধরা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা দিক। পহেলা বৈশাখ মানেই পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেওয়া—এই চিরচেনা বার্তাই ফুটে উঠেছে গানের কথায়। পাশাপাশি উৎসবের আনন্দ, খাওয়া-দাওয়া আর বাঙালির জীবনযাপনের ছোঁয়াও রয়েছে এতে।
তিনি আরও বলেন, গানটির সুরও করেছেন তিনি নিজেই। আর সালমান রাজের কণ্ঠ এই গানকে দিয়েছে ভিন্নমাত্রা। সব মিলিয়ে গানটি হয়ে উঠেছে এক চমৎকার সমন্বয়।
দর্শক-শ্রোতারা আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে “এলো রে এলো” শিরোনামের এই গানটি দেখতে পাবেন মিজানুর রহমানের উপস্থাপনায় মোহনা টিভির বিশেষ অনুষ্ঠান “বৈশাখের রং”-এ।
