আনন্দ খবর ডেস্ক প্রকাশিত: ১৮ মে, ২০২৬, ০৮:০৫ পিএম

বাংলাদেশের ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’ উদ্যোগ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৃজনশীল পুরস্কার ‘ওয়ান শো ২০২৬’-এ দুটি বিভাগে মেরিট পুরস্কার অর্জন করেছে। এই স্বীকৃতির মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম সিরামিক ব্র্যান্ড হিসেবে বৈশ্বিক সৃজনশীল মঞ্চে বিশেষ সম্মান পেল।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সৃজনশীল প্রতিযোগিতা ‘ওয়ান শো ২০২৬’-এ ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’ উদ্যোগ গ্রিন পেন্সিল এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পেন্সিল বিভাগে মেরিট পুরস্কার অর্জন করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব উদ্ভাবনের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাইলফলক স্থাপন করল।
‘টাইলচক’ হলো এমন একটি উদ্যোগ, যেখানে টাইলস তৈরির সময় উৎপন্ন হওয়া সিরামিক বর্জ্য কাদামাটি ব্যবহার করে শ্রেণিকক্ষের চক তৈরি করা হয়। এতে একদিকে শিল্পবর্জ্য কমছে, অন্যদিকে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের ঘাটতি পূরণ হচ্ছে। প্রকল্পটি চক্রাকার অর্থনীতির একটি কার্যকর উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্বমঞ্চে স্বীকৃতি পাওয়ার আগে এই উদ্যোগ স্পাইকস এশিয়া, অ্যাডফেস্ট এবং অ্যাডফোরাম ফিনিক্স ট্রিবিউট ২০২৬-সহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে। এর প্রভাব বাড়াতে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’-এর প্রস্তুত প্রণালী উন্মুক্ত করে দিয়েছে, যাতে অন্য নির্মাতারাও এটি ব্যবহার করতে পারে।
এই অনন্য অর্জন নিয়ে ডিবিএল সিরামিকস-এর চিফ বিজনেস অফিসার (সিবিও) মোহাম্মদ বায়েজীদ বাশার বলেন, এই সম্মান পেয়ে আমরা সত্যিই আনন্দিত! আমরা শুরু করেছিলাম আমাদের ইন্টারনাল প্রসেসগত একটি সমস্যা সমাধানের উদ্দেশ্যে, কখনো ভাবিনি এটি এত বড় জায়গায় পৌঁছে যাবে। পুরস্কার অবশ্যই অনুপ্রেরণার, কিন্তু আমাদের কাছে আসল অর্জন হলো আমাদের কারখানায় 'জিরো-ডাম্পিং' নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শেখার উপকরণ পৌঁছে দেওয়া। আমরা বাংলাদেশকে এই প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করতে পেরে কৃতজ্ঞ এবং ব্যবসার বাইরেও মানুষের জীবনে সত্যি কোনো কাজে আসে, এমন সব টেকসই সমাধান তৈরিতে আমরা সবসময় কাজ করে যাব।
ওয়ান শো-এর মেরিট এ্যাওয়ার্ড এই স্বীকৃতি দেখায়, সৃজনশীলতা শুধু বিজ্ঞাপন বা কমিউনিকেশনেই সীমাবদ্ধ নয়, এটি পরিবেশ ও সমাজের বড় বড় সমস্যার সমাধানও দিতে পারে। ‘টাইলচক’ দেখিয়ে দিচ্ছে কীভাবে শিল্পবর্জ্যকে শিক্ষা ও পরিবেশ, দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার বানানো যায়। ডিবিএল সিরামিকস ভবিষ্যতেও টেকসই উদ্ভাবনের মাধ্যমে এভাবেই এগিয়ে যেতে চায়।
বিস্তারিত জানতে ভিজিট করুন: dblceramics.com/en/tile-chalk